• ঢাকা
  • সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৬

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ইরানের এই নতুন হামলায় দেশটিতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‌‌‘‘আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬টি ড্রোন ভূপাতিত করেছে।’’
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন প্রতিহত করেছে।
চলমান এই যুদ্ধে ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার সকালের দিকে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যরা রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‌‌‘‘লাহাভ ৪৩৩’’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘‘জিলাত’’ লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছেন।

তবে ওই বিবৃতিতে হামলার শিকার স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান কিংবা হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।
সূত্র: এএফপি, আল জাজিরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর