
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কোম্পানীগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বসুরহাটসহ বিভিন্ন বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা ধুম। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে বিপণিবিতানগুলো।
সরেজমিনে বসুরহাট বাজারের আরডি শপিংমল, মোহাম্মদীয়া সুপার মার্কেট, এইচআর সিটি কমপ্লেক্সে , মসজিদ মার্কেট ও হাজী মার্কেট ঘুরে দেখা যায়, পা ফেলার জায়গা নেই। গ্রামীণ জনপদের মানুষ ও প্রবাসীদের পরিবারগুলো দলবেঁধে বাজারে ভিড় করছেন। বিশেষ করে পোশাক ও জুতার দোকানগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।
এবারের ঈদে তরুণীদের প্রথম পছন্দ পাকিস্তানি অর্গাঞ্জা ও ভারতীয় ডিজাইনার থ্রি-পিস। পাশাপাশি দেশি সুতি কাপড়ের চাহিদাও রয়েছে ব্যাপক। ছেলেদের জন্য বিভিন্ন কারুকাজের পাঞ্জাবি ও জিন্স প্যান্টের সমাহার নজর কাড়ছে। তবে ক্রেতাদের সাধারণ অভিযোগ—গত বছরের তুলনায় এবার পোশাকের দাম ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উচ্চমূল্যের কারণে সাধারণ ও নিম্ন আয়ের মানুষকে বাজেট মেলাতে হিমশিম খেতে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুর দিকে বিক্রি কিছুটা কম থাকলেও বর্তমানে বেচাকেনা বেশ ভালো। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে ক্রেতাদের ক্রয়ক্ষমতা তুলনামূলক ভালো। চাঁদ রাত পর্যন্ত রেকর্ড পরিমাণ বিক্রির আশা করছেন তারা।
বাজারের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি দেখা গেছে। বসুরহাট পৌরসভা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যানজট নিরসন ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে প্রধান সড়কগুলোতে রিকশা ও সিএনজি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।
আপনার মতামত লিখুন :