
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল থানা পুলিশ ক্লুলেস অটো চালক মাসুম বাবু হত্যার রহস্য উদঘাটন করেছে।
বুধবার দুপুরে এই বিষয়ে চাটখিল থানায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানায়।
প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার মনীষ দাশ জানান, চাটখিলে গত ১২ জানুয়ারি অটোরিকশা চালক মাসুম বাবু (১৪) হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত মোঃ রাজু (২৬), মোবারক হোসেন মুন্না (২৫) ও মোঃ রুবেল (৩০) কে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবদুল মোন্নাফ, তদন্ত কর্মকর্তা এস আই সেকান্দর মোল্লা,এস আই নয়ন কান্তি দাস।
অপরদিকে গত ২৭ ফেব্রুয়ারি চাটখিল পৌরসভার ছয়ানী টবগা সাহেব বাড়িতে তারাবির নামাজের সময় একদল ডাকাত অস্ত্রসহ ঘরে প্রবেশ করে গৃহবধূ জোবেদা আক্তার সুমিকে ঘরে জিম্মি করে রেখে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা এবং ৪টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এই বিষয়ে গত ২৮ ফেব্রুয়ারি চাটখিল থানায় একটি মামলা দায়ের হয়। মামলার সূত্র ধরে গত ১০ মার্চ ছয়ানী টবগা পাটোয়ারী বাড়ির মাসুদুর রহমানের ছেলে কিশোর মোঃ শুভ (২৪) ও বড় বাড়ির শাহজাহান এর ছেলে কিশোর আবদুল কাদের শ্রাবন (১৭) সহ দুইজন কে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। স্বর্ণালংকার ও নগদ টাকা সহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নোয়াখালী পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও সহকারী পুলিশ সুপার মনীষ দাশ এর নির্দেশনা মোতাবেক চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার নোয়াখলা ইউনিয়নের সোনাচাকা বাজারে ব্যাটারি বিক্রির সুত্র ধরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমার সহকর্মীরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।
রিকশা চালক মাসুমের বড় ভাই মিষ্টার মিয়া (৩০) প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন। তিনি তার ভাইয়ের হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য চাটখিল থানা পুলিশকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :