
উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে এক ঝটিকা অভিযানে ৩২টি বিলুপ্তপ্রায় দেশীয় বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে মাইজদী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এক পাখি বিক্রেতাকে আটক করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (WCCU) পরিদর্শক আশিম মল্লিক এবং উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের সরাসরি নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘Animal Rights BD-64’-এর একটি দল।
অভিযানে জব্দকৃত খাঁচা থেকে মোট ৩২টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ২৪টি (১২ জোড়া) মুনিয়া, ৩টি দেশীয় সবুজ টিয়া এবং ৫টি দেশীয় গাং শালিক।
আটককৃত বিক্রেতাকে নোয়াখালীর NDC-এর সামনে হাজির করা হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী সতর্ক করেন এবং নগদ অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত পাখিগুলো জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবমুক্ত করা হয়। NDC নিজ হাতে কার্যালয়ের সামনের বাগানে পাখিগুলোকে উড়িয়ে দেন।
দীর্ঘদিন খাঁচাবন্দি থাকার পর মুক্ত আকাশে ফিরে যেতে পেরে পাখিগুলো স্বাভাবিক আবাসস্থলে ছড়িয়ে পড়ে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ধরা, সংরক্ষণ বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম।
তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বন্যপ্রাণীকে খাঁচায় বন্দি না রেখে প্রকৃতিতে বিচরণ করতে দেওয়া আমাদের সবার দায়িত্ব।
আপনার মতামত লিখুন :