
আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ : অবৈধ বালু উত্তোলনের কারণে কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী সংযোগকারী গুরুত্বপূর্ণ সাহেবের ঘাট সেতুটি এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। সেতুর নিচের অংশে ভয়াবহ ক্ষয় সৃষ্টি হওয়ায় এর স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন ও পরিবেশের অব্যবস্থাপনার কারণে সেতুটির নিচের মাটি ও কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর নিচে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং নদীর তলদেশ অসমান হয়ে পড়েছে। এতে করে সেতুর স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এলাকাবাসী জানান, একসময় এই স্থানটি ছিল পর্যটন উপযোগী ও নান্দনিক পরিবেশে ভরপুর, কিন্তু বর্তমানে তা ধ্বংসের মুখে।
স্থানীয়দের দাবি, অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ, সেতুর নিচের অংশ সংস্কার এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও ওই এলাকায় একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :