• ঢাকা
  • শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ মার্চ, ২০২৬

পুরো জেলাজুড়ে অকটেন সংকট, দীর্ঘ লাইনে ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী ও সোনাপুরসহ আশপাশের এলাকায় টানা দুই দিন ধরে অধিকাংশ পেট্রলপাম্পে অকটেন ও পেট্রল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলচালকেরা। অন্তত ৯টি পাম্প ঘুরে ৮টিতেই তেল পাওয়া যায়নি। সোনাপুর ও মাইজদীর পুরোনো বাসস্ট্যান্ড এলাকার তেলের পাম্পে সীমিত পরিমাণে অধিক দামে তেল বিক্রি হওয়ায় সেখানে কয়েক শ মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

পাম্পে তেল পেলেও একসঙ্গে অল্প পরিমাণে দেওয়ায় প্রতিটি গাড়ির জন্য সময় বেশি লাগছে। ফলে অনেককে এক ঘণ্টা বা তারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে ভোগান্তি আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের খুচরা দোকানগুলোতেও এক সপ্তাহ ধরে তেল বিক্রি বন্ধ রয়েছে। ফলে ঈদে যাতায়াতসহ জরুরি কাজে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাম্প মালিকরা জানান, চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে, যদিও ডিজেলের সরবরাহ তুলনামূলক স্বাভাবিক রয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান বিভিন্ন পাম্প পরিদর্শন করে বলেন, ডিজেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। অকটেন সরবরাহও দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পেট্রলপাম্পগুলোর মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হচ্ছে এবং বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে জানানো হয়েছে। ডিপোগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে, সরবরাহ বাড়লেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর