
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : র্যালি, আলোচনা সভা, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনের শুরুতে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা, সেনবাগ থানার ওসি আবুল বাশার, ওসি (তদন্ত) হযরত আলী মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম. এ. আজিম চৌধুরী, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ভেদাভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা আসবে না—নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, তার দলের কেউ জড়িত থাকলেও তাদের আগে আইনের আওতায় আনতে হবে।
এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সেনবাগ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল ও উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
আপনার মতামত লিখুন :