
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের তীব্র সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় তেল বিক্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন, আবার অনেক স্থানে মিলছে না তেল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক, কৃষক ও পরিবহন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরবরাহ ঘাটতি ও সীমিত রেশনিং ব্যবস্থার কারণে অনেক তেল বিক্রয় কেন্দ্রে চাহিদামতো জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে একদিকে যেমন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মানুষ, অন্যদিকে খুচরা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগও উঠছে।
বিশেষ করে মোটরসাইকেল চালকরা তেলের অভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এতে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের দৈনন্দিন আয়ও কমে গেছে। একইভাবে সংবাদ সংগ্রহে মাঠে থাকা সাংবাদিকরাও পড়েছেন বিপাকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় অনেক ক্ষেত্রে সংবাদ সংগ্রহে বিলম্ব হচ্ছে।
অন্যদিকে কৃষি নির্ভর এই অঞ্চলে ডিজেল সঙ্কটের প্রভাব পড়েছে সেচ কার্যক্রমে। অনেক কৃষক সময়মতো জমিতে পানি দিতে না পারায় ফসল উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক অভিযানে একাধিক তেল বিক্রয় কেন্দ্রে তেল মজুদ ও বিক্রয় ব্যবস্থার অনিয়ম খতিয়ে দেখা হয় এবং আইন লঙ্ঘনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়মিত নজরদারি ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।
আপনার মতামত লিখুন :