• ঢাকা
  • বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ মার্চ, ২০২৬

চৌমুহনীতে তিন প্রাইভেট হাসপাতালে অভিযান: লাইসেন্স না থাকায় জরিমানা, একটি সিলগালা

নুশরাত রুমু, রিপোর্টার :
বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে তিনটি প্রাইভেট হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে দুইটির লাইসেন্স না থাকা এবং একটিতে স্বাস্থ্যসেবা বহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়ায় পৃথকভাবে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. কাউসারী আক্তার এবং বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খবির উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে তিনটি হাসপাতালের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র, ডাক্তার ও নার্সের উপস্থিতি না থাকা এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনটি মামলায় মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইডেন হাসপাতালকে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, লাইসেন্সের বৈধ কাগজপত্র না থাকায় ড্রিম হাসপাতালকে ২৫ হাজার টাকা, হলি কেয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং ইডেন হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইডেন হাসপাতালটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে জেলা সিভিল সার্জনের কাছ থেকে বৈধ কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর