
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহে জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি হলেও বিভিন্ন বয়সী রোগীও রয়েছেন।
হামের লক্ষণ হিসেবে জ্বর, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ি দেখা যায়। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগী শনাক্ত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে শিশুদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।
তিনি জানান, অনেক ক্ষেত্রে হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতা তৈরি হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, হামে আক্রান্ত রোগীদের আলাদা রাখার ব্যবস্থা এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করতে জেলার সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় জ্বর ও শরীরে লালচে র্যাশ নিয়ে রোগীরা হাসপাতালে আসতে শুরু করেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করেন।
বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আক্রান্তদের আইসোলেশনে রেখে বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :