প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ এপ্রিল, ২০২৬

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ফেরা হলোনা অন্তরের

​কোম্পানীগঞ্জ উপজেলা, প্রতিনিধি :
কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর (১৯) নামে এক তরুণের মটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতির কারণে কোম্পানীগঞ্জ এলাকায় অকটেন ও পেট্রোলের সংকট দেখা দেয়ার কারণে বৃহস্পতিবার বিকেলে অন্তর মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন ও জড়িত যানবাহন দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর