প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ এপ্রিল, ২০২৬

মাইজদীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সদর :
জাঁকজমকপূর্ণ আয়োজনে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টায় মাইজদী হাউজিং বালুর মাঠে এ মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরওয়ার উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও মেলা পরিচালনা কমিটি ২০২৬-এর আহ্বায়ক ফিরোজ আলম মতিন। বক্তব্য রাখেন সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম। পরিচালক, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম কিরণ, গোলাম জিলানী দিদার, কামাখ্যা চন্দ্র দাস, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি একরাম উল্লাহ ডিপটি, মঞ্জুরুল আজিম সুমনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাসব্যাপী এ মেলায় বিভিন্ন শিল্পপণ্যের স্টল বসানো হয়েছে। মেলার প্রধান ফটক নির্মাণ করা হয়েছে রাজকীয় আদলে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তথ্যকেন্দ্র চালু করা হয়েছে, যেখানে দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে। মায়েদের জন্য বেবি ব্রেস্ট ফিডিং রুম এবং নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রথম দিনেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশুদের জন্য বিভিন্ন রাইড, মুখরোচক খাবার, পিঠাপুলি, নারীদের ব্যবহার্য পণ্য, বাহারি রঙের মাটির সামগ্রী, দেশীয় হস্তশিল্প, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন শোপিস এবং শিশুদের খেলনা দর্শনার্থীদের আকর্ষণ করছে। এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর