
উপজেলা প্রতিনিধি, চাটখিল
জেলার চাটখিল উপজেলায় মো: খোকন নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ আগুনে পোড়ানো থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দিবাগত রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খোকন (৩২) ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, খোকন পেশায় একজন দিনমজুর ছিল। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করে।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা অন্যত্র তাকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে মরদেহ চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপের মধ্যে ফেলে যায়। পরে রোববার রাতে স্থানীয়রা ঝোপের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মরদেহটি পোড়ানো মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট না পেলে কিছু বলা যাচ্ছে না। তবে এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :