
উপজেলা প্রতিনিধি, সদর
মাইজদী নতুন হাউজিং (বালুর মাঠ) এলাকার হাসপাতাল রোডে যৌথ অভিযানে ৩৯৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন জহির (৫৫)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের (নুরু পাটোয়ারী বাড়ি) বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকায় বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় নোয়াখালী এবং র্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন মাইজদী নতুন হাউজিং এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়।
অভিযানকালে হাসপাতাল রোডের দক্ষিণ পাশে মো. রহিমের চায়ের দোকানের সামনে ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে পৌঁছালে জসিম উদ্দিন জহিরকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানান, তিনি কক্সবাজারের ঈদগাঁও এলাকার একটি ইটভাটায় কাজ করার পাশাপাশি উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীতে সরবরাহ করতেন। এর আগে তিনি চারবার ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন বলেও স্বীকার করেন। প্রতিটি চালান পরিবহনের জন্য তিনি প্রায় ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :