
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলায় চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শামীমা আক্তার (৬০) মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বজরা গ্রামের প্রবাসী আবুল হাসেমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় শামীমা আক্তার তার বসতঘরের পূর্ব পাশে মাটি ভরাটের কাজ করছিলেন।
এ সময় একই এলাকার মো. আবুল খায়েরের ছেলে মিজান (৩২), মনির হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২২) ওই কাজে বাধা দেন এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে অভিযুক্তরা বাড়িতে হামলা চালিয়ে গেইট, দরজা, জানালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, চাঁদা না দেওয়ায় তারা আমার বাড়িতে হামলা চালিয়েছে। থানায় অভিযোগ করার পরও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে অভিযুক্ত মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে বিরোধের জেরে তারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তবে চাঁদা দাবি করা হয়নি।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :