
মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে মো. বেলায়েত হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে। রায়ের সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকা অবস্থায় তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাত করেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শেষে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন। তিনি জানান, আদালত তিনটি ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আত্মসাৎ করা ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :