
উপজেলা প্রতিনিধি, সদর :
বিভিন্ন অনিয়মের অভিযোগে মাইজদীতে অবস্থিত উডল্যান্ড প্রাইভেট হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
অভিযান প্রসঙ্গে সিভিল সার্জন জানান, হাসপাতালটির ফার্মেসি বিভাগ ও ইনডোরে বিভিন্ন ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। সেখানে কোনো ডিপ্লোমাধারী নার্স ছিল না এবং নার্সেরও ঘাটতি লক্ষ্য করা যায়। এছাড়া হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ ছিল অপরিচ্ছন্ন।
এসব অনিয়ম বিবেচনায় এনে কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে এবং মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বিধি অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জনস্বার্থে জেলাজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি জোরদার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :