
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি তরুন রেমিট্যান্স যোদ্ধা সেনবাগের মোহাম্মদ ইউসুফের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে একটি ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা আরমান হোসেন জুহিন।
নিহত ইউসুফ সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং জীবিকার তাগিদে বুকভরা স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি জমান ইউসুফ।
শুক্রবার বিকেলে দাম্মামের একটি নির্মাণাধীন ভবনে ইলেকট্রিক কাজ করার সময় হঠাৎ একটি দেয়াল ভেঙে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দেয়াল চাঁপা পড়ে তাঁর মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত ছিলেন এবং তাঁর আড়াই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বাবার এমন আকস্মিক মৃত্যুতে ছোট্ট শিশুটি এখন পিতৃহারা, যা পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে।
ইউসুফের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো পরিবারে শুরু হয় শোকের মাতম এছাড়াও তার মৃত্যু সংবাদে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :