প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ এপ্রিল, ২০২৬

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জ্বালানি পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন ভোরে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল নলচিরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা।

অভিযানকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন নলচিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. মিলন (২২), মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), ৮ নম্বর ওয়ার্ডের মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) এবং মো. সমিরের ছেলে মো. ফয়েল (১৯)। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত জ্বালানি তেল এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোস্ট গার্ড আরও জানায়, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখা এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর