
উপজেলা প্রতিনিধি, সদর :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ। একইসঙ্গে শ্রেষ্ঠ রোভার হিসেবে পুরস্কৃত হয়েছেন গ্রুপটির সদ্য সাবেক সিনিয়র রোভার মেট হোসনে মোবারক।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের একটি মিলনায়তনে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মো.জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় পুরস্কার গ্রহণ করেন সিনিয়র রোভার মেট আকাশ চন্দ্র মজুমদার এবং সদ্য সাবেক সিনিয়র রোভার মেট হোসনে মোবারক। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে হোসনে মোবারক বলেন, নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ ‘শ্রেষ্ঠ রোভার গ্রুপ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই অর্জন আমাদের দলের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্ববোধ ও সেবামূলক কর্মকাণ্ডের ফল। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :