
উপজেলা প্রতিনিধি, সদর :
কৃষিতে সফলতার মুখ দেখছেন নোয়াখালী সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. সালাহ উদ্দিন দিদার। পড়াশোনা ও টিউশনের পাশাপাশি তিনি যুক্ত হয়েছেন কৃষি কার্যক্রমে, যা এখন তার জন্য হয়ে উঠছে সফলতার একটি দৃষ্টান্ত।
সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন দিদার কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত থাকলেও পড়াশোনার ব্যস্ততায় কিছুদিন দূরে ছিলেন কৃষি থেকে। তবে শেষ পর্যায়ের শিক্ষাজীবনে এসে তিনি আবারও ফিরে যান কৃষির প্রতি ভালোবাসায়।
বর্তমানে তিনি বন্ধুদের সঙ্গে মিলে গড়ে তুলেছেন “পল্লীবন্ধু এগো ফার্ম”। এই উদ্যোগের মাধ্যমে মাছ চাষ, পশুপালনসহ বিভিন্ন রবি ফসল উৎপাদনে সক্রিয়ভাবে কাজ করছেন এই তরুণ উদ্যোক্তা। ফেসবুক পোস্টে সালাহ উদ্দিন লেখেন, বাবার কাছ থেকে তিনি শিখেছেন— “অভাবে হারাম না, পরিশ্রম করে হালাল রুজি অর্জন করতে হয়।” তিনি আরও জানান, ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে তার সম্পর্ক থাকলেও পড়াশোনার কারণে নিয়মিত কাজ করা হয়নি। এখন আবার নতুনভাবে কৃষিতে যুক্ত হয়ে তিনি আনন্দ পাচ্ছেন।
তিনি লেখেন, কৃষি তার কাছে এখন নেশার মতো হয়ে গেছে। নিজের হাতে ফসল ফলিয়ে মানুষের মাঝে তা পৌঁছে দিতে পারলে তার আনন্দ হয়। এবারের উৎপাদিত ফসলও তুলনামূলকভাবে ভালো হয়েছে বলে তিনি জানান এবং আলহামদুলিল্লাহ প্রকাশ করেন। তিনি আরও জানান, আগ্রহীরা চাইলে তার খামারে এসে সরাসরি ফসল ও কৃষি কার্যক্রম দেখতে পারেন।
আপনার মতামত লিখুন :