
উপজেলা প্রতিনিধি, সদর :
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। পুরো জেলায় এবার ৪৩টি কেন্দ্রে মোট ২৫ হাজার ২৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় বসছে।
সারাদেশে এবার মোট ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। ৭ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী রয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। অর্থাৎ এক বছরে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার ৮৬৩ জন।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্রীর সংখ্যা ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্রের সংখ্যা ৫৮ হাজার ৮৪৭ জন। ফলে ছাত্রদের চেয়ে ছাত্রী প্রায় ২৯ হাজার বেশি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেশি। বিশেষ করে গ্রামে নিয়মিত স্কুলে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। ঝরে পড়া কমাতে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়তা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :