
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
বিদেশের মাটিতে ফের সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশী প্রবাসী। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আবু নাসের শামীম (৪০)। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বারাকওয়ানে এলাকায় তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।
নিহত শামীম কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার সন্তান। ২০০৭ সাল থেকে তিনি প্রবাস জীবনে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ৪ ছেলের জনক। পারিবারিক জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফোর্ডসবার্গ থেকে বাজার সেরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন শামীম। দোকানে পৌঁছামাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ রাউন্ড গুলি চালায়। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, সম্প্রতি একটি দোকান কেনাবেচা নিয়ে জনৈক ব্যবসায়িক অংশীদারের সাথে তার বাবার বিরোধ দেখা দিয়েছিল। তবে সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড কি না, তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য শামীমের পরিবার সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :