
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা, মামলা দায়েরের প্রক্রিয়া এবং দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির বিষয়টি সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হয়।
সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয় ভিডিও প্রদর্শনী, যেখানে নাট্যরূপে গ্রাম আদালতের একটি বাস্তবধর্মী কার্যক্রম উপস্থাপন করা হয়। উক্ত ভিডিওতে একটি বিরোধ কীভাবে গ্রাম আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয় তা ধাপে ধাপে দেখানো হয়। এই নাট্যধর্মী উপস্থাপনা দর্শকদের কাছে অত্যন্ত সহজবোধ্য ও আকর্ষণীয় হয়ে ওঠে। ভিডিও প্রদর্শনীটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনগণ গ্রাম আদালতের গুরুত্ব, কার্যকারিতা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন।
ভিডিও প্রদর্শনীর পর গ্রাম আদালত বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় গ্রাম আদালত আইন, কার্যপ্রণালী ও সেবাসমূহ সম্পর্কে প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তর প্রদানকারী ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :