
উপজেলা প্রতিনিধি চাটখিল :
জেলার চাটখিল উপজেলার খিলপাড়া-ইটপুকুরপাড়-দেলিয়াই সড়কের বেহাল দশা, এতে করে এ সড়ক দিয়ে যানবাহন ও লোকজন চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের ৩ কিঃ মিঃ দীর্ঘ। এটি খিলপাড়া বাজার থেকে দক্ষিণে শংকরপুর গ্রামের উপর দিয়ে ইটপুকুর পাড় হয়ে দেলিয়াই পর্যন্ত। এটি ১৪ থেকে ১৫ বছর পূর্বে পাঁকা করা হয়। এরপর থেকে সড়কটি রক্ষণাবেক্ষণের কোন কাজ করা হয়নি।
এ সড়ক দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থীসহ ৭ থেকে ৮ গ্রামের লোকজন চলাচল করে। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত কয়েকশত হালকা ও ভারী যানবাহনও চলাচল করে। বর্তমানে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের উপরের কার্পেটিং উঠে গেছে। পুরো সড়ক খানাখন্দে ভরা, রাস্তার দু’পাশ ধ্বংসে গেছে, বিশেষ করে শংকরপুর পান্ডা বাড়ীর পাশের পুকুর পাড়ে প্যালাসাইটিং না থাকায় এখানে প্রায় ১০০ থেকে ১৫০ ফুট রাস্তা সম্পূর্ণ রূপে ধ্বসে গেছে। তাছাড়া হাসিম ব্যাপারীর বাড়ীর সামনে থেকে রাস্তার মাথা পর্যন্ত সড়কের দক্ষিণ পাশ, রাস্তার মাথা থেকে ইটপুকুর পর্যন্ত রাস্তার পূর্ব পাশ এবং ইটপুকুর পাড় থেকে দেলিয়াই পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশ খাল পাড়ে হওয়ায় খালপাড়ে হওয়ায় সড়কটি ধ্বসে খালে দিকে পড়ে গেছে। এতে করে বর্তমানে এ সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের অযোগ্য এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। এতে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং প্রতিনিয়ত দূর্ঘটনা শিকার হচ্ছে।
এ সড়ক দিয়ে চলাচলকারী শংকরপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন জানান, দীর্ঘদিন থেকে এ সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে আছে। এর দুরাবস্থা দেখার কেউ নেই। শিক্ষার্থী নুরুল করিম জানান, তিনি সাইকেল নিয়ে স্কুল যেতে অনেক কষ্ট পোহাতে হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সড়কটি সংস্কার করা অতিব জরুরী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে যোগাযোগ করবেন। উপজেলা এলজিইডি নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম জানান, চলাচলে অযোগ্য ও ক্ষতিগ্রস্থ এ সড়কটিকে সংস্কারের জন্য নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে,শীগ্রই সড়কটির সংস্কারের ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :