
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ীতে সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন স্বপ্ন দেখি ফাউন্ডেশন-এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার পৌর এলাকার মেজবান কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম সিরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
আয়োজক সূত্রে জানা যায়, স্বপ্ন দেখি ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সুপার ট্যালেন্ট, ট্যালেন্ট ও জেনারেল ক্যাটাগরিতে ৩০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পাশাপাশি পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্য ধরে রাখতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়ালেখায় যত্নবান হওয়ায় অভিভাবকদেরও অভিনন্দন জানান তারা।
বক্তারা আরও বলেন, সোনাইমুড়ীর মতো এলাকায় এমন একটি বৃত্তি পরীক্ষার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে যারা ভাবেন, তাদের উদ্যোগেই শিক্ষার আলো আরও বিস্তৃত হয়। এমন মহৎ উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্ন দেখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আকরাম হোসেন বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মানিত করা এবং দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। শুধু আমরা নই, দেশের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকই একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন।” তিনি এ সময় ফাউন্ডেশনের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :