
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি :
সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টারদিকে উপজেলার কাবিলপুর ইউপির ফতেহপুর পপুলার বিস্কুট ফ্যাক্টরীর সামনে থেকে ছমির মুন্সির হাট হয়ে কল্যান্দী বাজার পর্যন্ত ৪ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন নোয়াখালী-২ সেনবাগ সোনাইমড়ী আংশিক আসন থেকে ৬ষ্ট বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে ছমির মুন্সির হাট বাজারস্থ তবারক আলী মার্কেটের সামনে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও স্থানীয় কাবিলপুর ইউপির চেয়ারম্যান এবং সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আমিনুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন প্রমুখ। এসময় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ছিলো খনন কর্মসুচি শুরু করবে। তারেক রহমান ক্ষমতায় আসার দুই মাসেন মধ্যে জনগণকে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু করেছে। এর ধারাবাহিকতায় আজ সেনবাগের বদু গাজী খাল খনন উদ্বোধন করলাম। তিনি বলেন, খাল খনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীঘর্ দিনের ভোগান্তির অবসান ঘটবে। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খালটি ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে একদিকে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে আসত।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার দাবি জানান, যাতে আসন্ন বর্ষা মৌসুমের আগেই এর সুফল পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :