
উপজেলা প্রতিনিধি চাটখিল :
জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মমিনপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
চলতি অর্থ বছরের এই প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর ও মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত মোট ২ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনর্খনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনর্খননের ফলে মমিনপুরসহ আশপাশের গ্রাম গুলোর জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা প্রকৌশলী শাহীনুর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, “২৪ এর ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে আমরা খাল দখলমুক্ত করতে কাজ করেছি। পানির প্রবাহ ঠিক রাখার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, “অবৈধ দখল মুক্ত করে পর্যায়ক্রমে সকল খালই খনন করা হবে। পানির প্রবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। অনেক জায়গায় খাল ভরাট হয়ে জমিন হয়ে গেছে। আমাদের এলাকা ভাটি অঞ্চল হওয়ায় ভারত, নেপাল, উত্তরাঞ্চল থেকে আসা পানি নামার জন্য ছোট-বড় খালের প্রয়োজনীয়তা অপরিসীম। পানি নামতে না পারলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। বন্যা নিয়ন্ত্রণ, কৃষি কাজ এবং মাছ উৎপাদনে খালের গুরুত্ব বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করেছেন। কোনো অবৈধ শক্তি এই মহতী কর্মসূচি বন্ধ করতে পারবে না।”
আপনার মতামত লিখুন :