
উপজেলা প্রতিনিধি, সদর :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা নোয়াখালী সরকারি কলেজে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫,১৮২ জন। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।
এ বছর নোয়াখালী সরকারি কলেজের অধীনে আরও তিনটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রগুলো হলো—নোয়াখালী জিলা স্কুল, মাইজদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বেলাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নোসক বিএনসিসি, রোভার স্কাউটস, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ।
আপনার মতামত লিখুন :