প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬

অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক গৃহশিক্ষকের নাম আব্দুর রহিম ওরফে রনি (৩৩)। সে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার লাতু কাউন্সিলরের বাড়ির খলিল মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বলেন, ছাত্রী হত্যা মামলায় আদালত আসামি সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে তার মা রাজিয়া সুলতানা বাদী হয়ে হত্যা মামলা করেন।

ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

বাদী পক্ষের আইনজীবী মোল্লা মোহাম্মদ হাবিবুর রাছুল মামুন বলেন, ‘জেলা শহরে দিন দুপুরে মেধাবী শিক্ষার্থীকে হত্যার এ ঘটনায় আদালত যে রায় দিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। উল্লেখ্য, এ নির্মম হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়েছিল।

আরও পড়ুন

  • . এর আরও খবর