
উপজেলা প্রতিনিধি, চাটখিল :
জেলার চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার খিলপাড়া বাজারে রাতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় মাদক সেবন এর অভিযোগে আবুল খায়ের (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবুল খায়ের উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে মঙ্গলবার রাতে খিলপাড়া বাজারে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় আবুল খায়েরকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর আওতায় তাকে এই সাজা প্রদান করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
অভিযান পরিচালনায় চাটখিল থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
আপনার মতামত লিখুন :