
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের ওপর হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের স্লোগানে উঠে আসে—শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিচারের দাবি।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু ছাত্রদল নেতা কলেজ প্রশাসনের ওপর বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি ও চাঁদা দাবির সঙ্গে জড়িত। সাম্প্রতিক এ হামলার ঘটনায় শিক্ষকদের অপমান করা হয়েছে, যা সমগ্র শিক্ষাঙ্গনের জন্য লজ্জাজনক।
শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল করে প্রকৃত শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃশ্যমান বিচার না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
এর আগে বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষক পরিষদের কয়েকজন সদস্য খাবার গ্রহণকালে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় তারা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এক শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন বলেও জানা যায়।
এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় ছাত্রদল শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান শাওনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সাবেক সভাপতি আকবর হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মানববন্ধন চলাকালে কলেজ ক্যাম্পাসের অপর পাশে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন, যা কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি করে। কর্মসূচি পরিচালনা করেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. তামজিদুর রহমান রায়হান। এ সময় বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম মারুফ, উম্মে সুলতানা, মনোয়ারা বেগম, খোরশেদ আলম সিফাত, আরমানসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :