• ঢাকা
  • শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬

হানিফ আমেরিকান সিটি কোম্পানীগঞ্জ-কবিরহাটে ৪শ যুবক-যুবতীর আইটি প্রশিক্ষণ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে পরিচালিত বিশেষ হানিফ আমেরিকান আইটি সেন্টারের ফ্রিল্যান্সিং প্রশিক্ষন কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে ধারণ করে নোয়াখালী-৫ আসনের সাবেক এমপি প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ওমর আলী রাজ ও হানিফ আমেরিকান আইটি সেন্টারের উদ্যোগে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। বসুরহাট আরডি শপিং মলে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত এই কোর্সে দুই উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৪শত শিক্ষিত যুবক ও যুবতীকে বিনামূল্যে এই কোর্স করানো হয়। বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে একটি টেকসই ও স্মার্ট ক্যারিয়ার গড়ার লক্ষ্যে তাদের আধুনিক আইটি দক্ষতার ওপর এই নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশিক্ষণার্থীরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেছেন। বিশেষ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বর্তমান যুগের চাহিদা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এলাকার শিক্ষিত বেকার সমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান যুগে কম্পিউটার ও ইন্টারনেটের মৌলিক জ্ঞান ছাড়া স্মার্ট ক্যারিয়ার গড়া প্রায় অসম্ভব। সে লক্ষ্যেই আমরা স্কলারশিপের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে প্রফেশনাল অফিস অ্যাপ্লিকেশন, ই-মেইল করেসপন্ডিং ও গ্রাফিক্স ডিজাইনের মতো কারিগরি শিক্ষা প্রদান করেছি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের কারিগরি শিক্ষা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক হবে। আধুনিক এই প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন হওয়ায় দুই উপজেলার শিক্ষিত তরুণদের মাঝে নতুন আশার আলো সঞ্চার হয়েছে।

আরও পড়ুন