
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালীতে একঝাঁক তরুণ শিল্পীর উদ্যোগে গড়ে উঠেছে নতুন ব্যান্ড ‘নাগরদোলা’। ইতোমধ্যে দলটি তাদের সংগীতযাত্রা শুরু করেছে এবং সৃজনশীল কাজের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। ব্যান্ডটির কিবোর্ডিস্ট ও টিম লিডার রবিউল আলম রাকিবের নেতৃত্বে দলটি এগিয়ে যাচ্ছে। ভোকালে রয়েছেন পেলিকা, নিপু ও তুলি। প্যাড ও ড্রামসে আরূপ, বেস গিটারে অনির্বাণ, লিড গিটারে পাপ্পু এবং তবলা ও পারকাশনে শুভ সঙ্গীতায়োজনের দায়িত্ব পালন করছেন। এছাড়া ব্যান্ডটির ফটো ও ভিডিওগ্রাফির দায়িত্বে রয়েছেন কাব্য।
ব্যান্ডটির সদস্যরা জানান, তারা নিয়মিত নোয়াখালীতে প্র্যাকটিস করছেন এবং সেখান থেকেই তাদের সংগীতচর্চা এগিয়ে নিচ্ছেন।
টিম লিডার রবিউল আলম রাকিব বলেন, “বাংলা গান আমাদের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই আমাদের এই উদ্যোগের মাধ্যমে বাংলা গান, বিশেষ করে বাংলা রক, নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে। আইয়ুব বাচ্চু ও জেমসদের মতো শিল্পীদের আদর্শকে ধারণ করে আমরা কাজ করতে চাই।”
ভোকালিস্ট পেলিকা বলেন, “গান আমার কাছে অনুভূতির প্রকাশ। আমরা এমন কিছু উপস্থাপন করতে চাই, যা শ্রোতাদের হৃদয়ে পৌঁছাবে।”
অন্য ভোকালিস্ট নিপু বলেন, “আমাদের লক্ষ্য মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা এবং বাংলা গানের আবেগকে নতুনভাবে তুলে ধরা।”
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বেস গিটারিস্ট অনির্বাণ বলেন, “ভালো সংগীত চর্চার মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করতে চাই।”
ব্যান্ডটির সদস্যরা আরও জানান, খুব শিগগিরই তারা মৌলিক গান নিয়ে কাজ শুরু করবেন এবং পর্যায়ক্রমে নতুন গান প্রকাশ করবেন। তরুণদের এই উদ্যোগ বাংলা সংগীতাঙ্গনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
আপনার মতামত লিখুন :