• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ মে, ২০২৬

গাউসিয়া কমিটি জেলার সাধারণ সম্পাদক কামাল হোসাইনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :
নোয়াখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইনের ইন্তেকালে তরিকত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৬ মে ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে সদর উপজেলার সোনাপুর এলাকার দক্ষিণে কাঞ্চন মেম্বারের দোকানের পশ্চিমে, কালিতারা বাজারের উত্তরে গইন্নার মোড়স্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে পুরো নোয়াখালী জেলায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের বার্তা ছড়িয়ে পড়ে এবং তাকে শেষবারের মতো দেখতে অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় জমান। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম কামাল হোসাইন ছিলেন একজন সৎ, আদর্শবান ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি। তিনি আজীবন দ্বীনের খেদমত ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে শুধু একটি সংগঠন নয়, বরং পুরো সমাজ একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালো। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে—আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক নেতৃবৃন্দ। এর মধ্যে রয়েছেন ‘আল সূফী বার্তা’র সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতি। এছাড়া আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর