
উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে ডিজিটাল যুগে সাইবার স্পেসে নিরাপদ থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর ২টায় মোহাম্মদ আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স-এর উদ্যোগে এ সাইবার নিরাপত্তা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানজিদ আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাইবার ক্লাবের সদস্য মিম ও জারিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক সাইফুল ইসলাম খান পলাশ।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান রায়হান, সহকারী পরিচালক ইয়াসিন আরাফাত এবং সদস্য সচিব জয়া রানি দাস।
অধিবেশনে সংগঠনের সদস্যরা স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার স্পেসে নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিরাপদ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, তরুণদের নিয়ে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স যে উদ্যোগ গ্রহণ করেছে তা সময়োপযোগী ও প্রশংসনীয়। তথ্যপ্রযুক্তিনির্ভর আগামীর বাংলাদেশ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সাইবার ঝুঁকি মোকাবিলা সম্ভব।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :