• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৬

মাইজদীতে মার্শাল আর্ট এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা মার্শাল আর্ট এসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) বিকেল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর অনুমতিক্রমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি তপন মাহমুদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক কোচ ও রেফারি আশরাফুল আলম সুমন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মো. গিয়াস উদ্দিন মিঠু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন উদ্দিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও মেজর মান্নান কলেজের অধ্যাপক আবদুল মালেক এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম রাজু।
এ ছাড়া কার্যকরী সদস্য ও কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির, মো. আবুল বাসর, সাহিদা আক্তার, আবুল কালাম আজাদ, জিয়া উদ্দিন ও রিয়াজুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নোয়াখালী সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ফখরুল ইসলামও অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সক্রিয় করতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বক্তারা শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি খেলোয়াড়দের বেতন ও ক্রীড়াভাতার আওতায় আনা, ক্রীড়া কার্ড প্রদান এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ মার্শাল আর্ট অন্তর্ভুক্তির উদ্যোগকে স্বাগত জানান তারা।
সভায় আরও জানানো হয়, জেলার তৃণমূল পর্যায়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর