• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২৬

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল সোনাইমুড়ি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

মোহাম্মদ হানিফ, নিজস্ব প্রতিনিধি : সোনাইমুড়িতে এক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

জানা গেছে, সোনাইমুড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক গুলজার হানিফ একটি হত্যাকাণ্ড সংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকে বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন। এ ঘটনায় তিনি সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে সোনাইমুড়িতে কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

বক্তারা বলেন, একজন সাংবাদিকের কলম থামিয়ে দিতে হত্যার হুমকি দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে ভয় দেখানো নয়, বরং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ সভায় সোনাইমুড়ি থানা প্রশাসনের ভূমিকায়ও ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযোগপত্র পাওয়ার পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। পাশাপাশি এ ঘটনায় কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কি না, তা তদন্ত করে দেখার আহ্বান জানান তারা।

সভা থেকে সারাদেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে অন্যায়, ভয়ভীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বানও জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর