• ঢাকা
  • রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ মে, ২০২৬

মাইজদীতে উদ্বোধন হলো নারী উদ্যোক্তা মেলা

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী “নারী উদ্যোক্তা মেলা ২০২৬ (সিজন-২)”। শুক্রবার দুপুর ১২টায় মাইজদী মেহরান ডাইন কনভেনশন হলের ৩য় তলায় আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিন উল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের পরিচালক সাইদুর রহমান রায়হান।

মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শাহজাদী আফরোজ তার বক্তব্যে বলেন, “নারী উদ্যোক্তাদের স্বপ্ন, সাহস ও সাফল্যের এক অনন্য আয়োজন এই মেলা। নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে সফল ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা এতে অংশ নিয়েছেন। আমরা গত চার বছর ধরে নিজস্ব উদ্যোগে এ আয়োজন করে আসছি। এখনো সরকারি সহযোগিতা পাইনি, তবে আমরা আশাবাদী—সংশ্লিষ্টরা এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।”

মেলার সদস্য সচিব ফেন্সি হোমায়রা বলেন, “আগের উদ্যোক্তাদের পাশাপাশি এবার নতুন উদ্যোক্তারাও যুক্ত হয়েছেন এবং নতুন নতুন পণ্য নিয়ে এসেছেন। অনলাইনে কেনাকাটায় অনেকেই প্রতারিত হন। এই মেলায় সরাসরি পণ্য দেখে কেনার সুযোগ রয়েছে।

পাশাপাশি নোয়াখালীর নারী উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি হবে। নিজেদের পণ্য নিজেরা কিনে আমরা জেলার অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারি।”

আয়োজকরা জানান, মেলাটি আগামী ৯, ১০, ১১, ১২ ও ১৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এতে নোয়াখালীর বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ জন সফল ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

মেলায় দেশীয় পণ্য ও হস্তশিল্পের প্রদর্শনী, ফুড স্টল ও হোমমেড আইটেম, ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে।

উদ্বোধনের প্রথম দিন থেকেই মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর