
উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে ইসলামীয়া খাল খনন কর্মসূচির কারণে একটি গুরুত্বপূর্ণ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজাকারের মোড় মসজিদের সামনের সড়কটি কেটে যাওয়ায় অন্তত ৩০০ মানুষের চলাচল কার্যত ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খননের সময় সংযোগ সড়কের প্রায় ১০ মিটার অংশ কেটে ফেলা হয়। এতে একপাশের মানুষের সঙ্গে অন্যপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে কোনো সেতু বা বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
ভুক্তভোগীরা জানান, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া কিংবা শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় থাকতে হচ্ছে পরিবারগুলোকে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। স্থানীয়দের দাবি, অন্তত অস্থায়ীভাবে একটি কাঠের পুল নির্মাণ করা হলে মানুষের চলাচল অনেকটা সহজ হতো। তবে রাস্তা কেটে প্রায় ১০ মিটার প্রশস্ত হয়ে যাওয়ায় এলাকাবাসীর পক্ষে নিজ উদ্যোগে সেতু নির্মাণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন বাবলু বলেন, “ইসলামীয়া খাল খননের কারণে আমাদের রাস্তাটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় ৩০০ মানুষ দুর্ভোগে রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে বলেছেন। স্থানীয় মেম্বার খোকনকেও একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তত একটি কাঠের পুল নির্মাণ করা হলেও মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারতো।”
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সাময়িকভাবে হলেও চলাচলের উপযোগী একটি সেতু বা কাঠের পুল নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :