
উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলার ঐতিহ্যবাহী গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৪র্থ শ্রেণির অবসরপ্রাপ্ত চারজন কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যদেরও বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের দীর্ঘদিনের সেবা, নিষ্ঠা ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, তাদের শ্রম ও আন্তরিকতা মাদ্রাসার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এসময় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
অন্যদিকে, নবগঠিত গভর্নিং বডির সদস্যদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মাওলানা ছালেহ উদ্দিনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা নুর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সহসভাপতি হোছনে এলাহী শাকি।
এছাড়া বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মাওলানা মেছবাহ উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মাওলানা আবদুল হাই, অভিভাবক প্রতিনিধি মো. জাবেদ হোসেন এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি শাহ আলম।
সংবর্ধনা অনুষ্ঠানে আতাশপুর জামে মসজিদের সেক্রেটারি মো. আবু জাকের, অভিভাবক সদস্য মো. মিলনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :