
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে বদুগাজী খাল সহ ৩০ টি খাল অবৈধ ভাবে দখলে, ২৪ এপ্রিল এবং অবৈধ কালভাট ও রাইচ মিলের ছাঁইয়ে খাল ভরাট শিরোনামে ৫মে দৈনিক নোয়াখালীর কথা পত্রিকায় দুইটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সেনবাগে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে নোয়াখালী-ফেনী মহাসড়কের ছমির মুন্সির হাট বাজার এলাকায় বদু গাজী খালের উপর অবৈধ ভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম, সেনবাগ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
অভিযানকালে এক্সকাভেটর ভ্যাকু মেশিন ব্যবহার করে তবরাক আলী মার্কেটে অবৈধভাবে নির্মিত একটি পোল, বাজারের মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি ব্রিজ, তাজু নেতার মার্কেটের ১টি বক্স কালভাট ওএকটি লোহার ব্রিজ এবং জমজম টাওয়ার সংলগ্ন সুমনের সীমানা প্রাচীর ও রাস্তার উত্তর পাশ্বের ফুটপাত দখল করে নির্মান করা ৬/৭টি দোকান ঘর ভেঙ্গে ফেলা হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি খাল ও সরকারি জায়গা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, খাল ও সরকারি জায়গা দখলমুক্ত হওয়ায় খালের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ কমবে।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, সরকারি খাল ও জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :