• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ মে, ২০২৬

মাইজদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক নার্সেস দিবস ও আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাঁর জন্মদিনকে ঘিরেই প্রতি বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।

শোভাযাত্রাটি ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। এতে আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাজে শিক্ষার্থী নার্স ইসরাত জাহান অংশ নেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

পরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এ সময় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের ‘সেরা নার্স’ হিসেবে সবিতা রানী মিস্ত্রিকে মনোনীত করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। সহকর্মীদের প্রতি আন্তরিকতা, মানবিক সেবা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ওজিএসবি নোয়াখালী শাখার সভাপতি ডা. মো. মাসুম আখতার, ম্যাটস নোয়াখালীর অধ্যক্ষ ডা. শায়লা সুলতানা ঝুমা, ড্যাব নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার, সার্জন অ্যাসোসিয়েশন নোয়াখালীর সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান, নার্সিং তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ফারজানা বেগম এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবদুল্লাহ ফারুক।
বক্তারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণ করে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নার্সিং পেশার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে একই দিন সকাল ৮টায় নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের উদ্যোগেও পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কলেজের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লায়লা জাহানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবন, কক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর