প্রকাশিত: ১৩ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ মে, ২০২৬

সদর উপজেলায় বায়োপেস্টিসাইড ব্যবহারে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :
টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে সদর উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সদর উপজেলার নাইস গেস্ট হাউজের কনফারেন্স রুমে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়া ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজসহ বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার উপ-পরিচালক আশীষ কুমার কর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পরিচালক মো. আতিক উল্লাহ। এছাড়াও সদর উপজেলার এসএপিপিও মো. শফিকুল ইসলাম পাটোয়ারী ও উপ-সহকারীগন উপস্থিত ছিলেন।

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. জোবায়ের হোসেন, ব্র্যান্ড প্রমোটর মো. রিয়াজ উদ্দিন এবং ডিলার মো. গোলাম মাওলা।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। তারা বায়োপেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি, মাঠপর্যায়ে এর কার্যকারিতা এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর