
উপজেলা প্রতিনিধি, হাতিয়া
হাতিয়া উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসলাম ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতবাড়ির রান্নাঘরের পাশের একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে মো. কবির হোসেন বলেন, “বিষয়টি প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে খবর পে য়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।”
আপনার মতামত লিখুন :