
উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা কারাগারে হুমায়ুন কবির প্রকাশ মাঈন উদ্দিন (৩৫) নামে এক হাজতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হুমায়ুন কবির চাটখিল উপজেলার বগাদিয়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে।
কারাগার সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে তিনি হঠাৎ বুকে ব্যথার কথা জানান। পরে কারা কর্তৃপক্ষ তাকে কারা মেডিক্যালে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ইসিজি করান। অবস্থার অবনতি হলে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গত ১৯ এপ্রিল চুরির একটি মামলায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। কারাগারে আনার সময় তার শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কারাগারের জেল সুপার আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাজতি হুমায়ুন কবির অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কারা মেডিক্যালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :