• ঢাকা
  • রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ মে, ২০২৬

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার। তিনি বলেন, আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে।

তিনি বলেন, যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো। বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার গঠনের পর তা বাস্তবায়ন করে। তিনি বলেন, জনগণের কল্যাণকে সামনে রেখে সরকার ইতোমধ্যে কৃষি ও সামাজিক নিরাপত্তাভিত্তিক বিভিন্ন কর্মসূচি চালু করেছে এবং দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে এ পথসভার আয়োজন করা হয়।

প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকেই সভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী এবং সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা–কর্মীরা সভায় অংশ নেন। সভাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকার গঠনের পর সে ওয়াদা পালন করে। আমরা কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম–ওয়াজ ভাতা চালু করেছি। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ চলছে।

তিনি আরও বলেন, দেশ পুনর্গঠনের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় সফল হতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

এসময় সভায় উপস্থিত জনতা দাবি করে, ‘কুমিল্লা বিভাগ চাই’। তখন প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।

এর আগে শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টায় তিনি মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

পথসভায় স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। এ সময় কুমিল্লা ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা–কর্মীদের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের দুই পাশেও বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর