• ঢাকা
  • সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ মে, ২০২৬

সেনবাগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সেনবাগ : সেনবাগ উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে করণীয় নির্ধারণ শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও সেনবাগ থানা পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে পরিবার, সমাজ এবং তরুণ প্রজন্মের সচেতনতার গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ার বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারসহ রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ।” তারা তারুণ্যের শক্তিকে মাদকের অন্ধকার থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর