
উপজেলা প্রতিনিধি, সদর : জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার সংগঠক ও নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পুলিশ লাইন স্কুলের খতিব মাওলানা ফারুক হোসেন।
ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. খালেকুজ্জামান অন্তর। তিনি বলেন, গণআন্দোলনে যুবকদের অবদান দেশের ইতিহাসে অনস্বীকার্য।
যুবশক্তির সদস্যরা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে, কিশোর গ্যাংয়ের উৎপাত প্রতিরোধ, মাদক বিস্তার রোধ ও সামাজিক অসঙ্গতি দূরীকরণে কাজ করবে।
তিনি আরও বলেন, শুধু রাজনীতি করেই জীবন পার করা নয়, যুবকদের শিক্ষিত ও দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হতে হবে। বেকারত্ব অনেক সময় তরুণদের ভুল পথে ঠেলে দেয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী শাখার সদস্যসচিব কাজী মাইন উদ্দিন তানভীর। তিনি বলেন, পৃথিবীতে টিকে থাকতে দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষতার অভাবে অনেক যুবক পিছিয়ে পড়ছে। তাই যুবসমাজকে যুগোপযোগী দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠক শাহাদাত শিপন, ইয়াছিন আরাফাত , সাকিনা আক্তার আরজু, তমাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে কেক কাটা ও ফুল বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :