
উপজেলা প্রতিনিধি, সদর :
সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সদর উপজেলার ধর্মপুর এলাকায় এক ব্যক্তির বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার (১৩ মে) সন্ধ্যায় ধর্মপুর এলাকার সেকান্তর মিয়ার বসতঘরে হামলা চালায় সিরাজ ও দুলাল মাষ্টারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে কিছু অংশে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সেকান্তর মিয়ার একটি হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসিল্যান্ডের আদেশ অনুযায়ী জমির মালিকানা ও দখল সেকান্তর মিয়ার হলেও প্রতিপক্ষ সিরাজ ও দুলাল মাষ্টার জোরপূর্বক দখল নিতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
অন্যদিকে এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগও পাওয়া গেছে।
সেকান্তর মিয়ার ভাই আজাদ ও রফিক বলেন, “এসিল্যান্ডের আদেশ অনুযায়ী জমির মালিকানা আমাদের পক্ষেই। তারপরও সিরাজ ও দুলাল মাষ্টারের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায়। আমরা এর বিচার চাই।”
সুধারাম থানার এসআই কামাল উদ্দিন শেখ জানান, “ঘটনায় এক পক্ষ মামলা করেছে। অন্য পক্ষ অভিযোগ দিলে সেটিও গ্রহণ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
আপনার মতামত লিখুন :